ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেয়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ চলবে এবং প্রয়োজনে তারা রাতেও অবস্থান করবে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও একই দিন তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।





