বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

ছবি:দ্য ডন থেকে নেওয়া

লেবাননের দক্ষিণাঞ্চল ও সিরিয়া সীমান্তসংলগ্ন এলাকায় ইসরাইলের হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এদিকে ইসরাইল দাবি করেছে, হামলাগুলোতে ইরানের কুদস ফোর্সের একজন সদস্য ও হিজবুল্লাহর একজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা যেসব এলাকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে, সেসব স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উত্তর-পূর্ব লেবাননের হারমেল জেলার হাউশ আল-সাইয়্যেদ আলি শহরে ইসরাইলের একটি হামলায় একটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। এতে দুইজন নিহত হন। এলাকাটি সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চলের মাজদাল সালম এলাকায় চালানো আরেকটি ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলায় হুসেইন মাহমুদ মারশাদ আল-জাওহারিকে হত্যা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ইরানের অভিজাত কুদস ফোর্সের অপারেশনাল ইউনিটের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ইসরাইলের দাবি, জাওহারি লেবানন ও সিরিয়া থেকে ইরানের নির্দেশনায় ইসরাইল ও এর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন হামলার সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়া ইসরাইলি সেনাবাহিনী জানায়, মাজদাল সালম এলাকার কাছে পৃথক একটি হামলায় হিজবুল্লাহর একজন সদস্যকেও হত্যা করা হয়েছে।

শেয়ার করুন