মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এভারকেয়ারের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। মঞ্চ ছাড়ার পরপরই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালের পথে যাত্রা করেন।

এদিকে তারেক রহমান হাসপাতালে যাবেন—এমন খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে যেতে না পারা অনেক নেতাকর্মী আগেই হাসপাতালের সামনে অবস্থান নেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় তারা সেখানে জড়ো হন।

নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকায় এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে সকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি তাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বের হওয়ার সময় হঠাৎ তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন।

দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দরের সামনে থেকে লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে ওঠেন তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রওনা হয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছান। এ হিসাবে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে পৌঁছাতে তার সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা পনেরো মিনিট।

শেয়ার করুন