মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

 ৪ কিলোমিটার আসতে তারেক রহমানের ব্যায় হয় সোয়া তিন ঘণ্টা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার পথচলা পরিণত হয় এক আবেগঘন যাত্রায়। প্রায় ৪ কিলোমিটারের এই স্বল্প দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে তিন ঘণ্টা ১৫ মিনিট। পথজুড়ে মানুষের ভালোবাসা, শুভেচ্ছা আর অভিবাদনে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দরের সামনের অংশ থেকে লাল-সবুজ রঙের বাসে ওঠেন তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে তার গাড়িবহর ৩০০ ফিট এলাকায় স্থাপিত গণসংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছে। হিসাব অনুযায়ী, বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে পৌঁছাতে সময় লাগে সোয়া তিন ঘণ্টারও বেশি।

দলীয় নেতারা জানান, বিমানবন্দর থেকে শুরু করে পুরো রাস্তাজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান ও অভিবাদনের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানান। বাসের সামনের দিকে দাঁড়িয়ে পুরো পথজুড়ে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দিতে থাকেন তিনি। এ কারণে স্বাভাবিকভাবেই ধীরগতিতে এগোয় গাড়িবহর। পুরো যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনীর সদস্যরা তাকে গণসংবর্ধনা মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন।

এর আগে সকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর একই উড়োজাহাজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি তাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তিনি। এরপর হঠাৎ করেই বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, এই বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না। বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা একটি ফুলবাগানের ভেতরে তিনি হেঁটে যান। সেখানে ঘাস ও গাঁদা ফুলের গাছের পাশে দাঁড়িয়ে জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান তিনি। পরে নিচু হয়ে একমুঠো মাটি হাতে নিয়ে পরম মমতায় তা স্পর্শ করেন।

এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি লাল-সবুজ বাসে ওঠেন। সেই বাসেই দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

শেয়ার করুন