মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানকে নতুন বাংলাদেশে স্বাগত জানালেন সারজিস

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি নিজের ফেসবুক পাতায় তারেকের স্বদেশ প্রত্যাবর্তনকে নতুন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন— ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন সারজিস। তিনি বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।’

শেয়ার করুন