মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোর-৫: ধানের শীষের চূড়ান্ত প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস

নুরুল্লাহ, অভয়নগর (যশোর) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বড় ধরণের চমক দেখালো বিএনপি। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে জোটগত সমঝোতার ভিত্তিতে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রয়াত শীর্ষ নেতা ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের সুযোগ্য সন্তান মাওলানা রশীদ বিন ওয়াক্কাস এখন এই আসনে ধানের শীষের হয়ে লড়াই করবেন।

 দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক সমঝোতা এবং জোটসঙ্গীদের সাথে আসন বণ্টনের অংশ হিসেবে মণিরামপুর আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এর আগে এই আসনে বিএনপির একাধিক স্থানীয় নেতা মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ মুহূর্তে জোটের সংহতি রক্ষায় এই পরিবর্তন আনা হয়েছে।

মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের মনোনয়ন পাওয়ার খবর মণিরামপুরে পৌঁছালে সাধারণ মানুষ ও জমিয়ত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তবে বিএনপির স্থানীয় একটি অংশ মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি ছিল, এই আসনে যেন বিএনপির নিজস্ব প্রার্থী রাখা হয়। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর নির্বাচনী মাঠের চিত্র পাল্টাতে শুরু করেছে।

 মাওলানা রশীদ বিন ওয়াক্কাস তার প্রতিক্রিয়ায় জানান, “এটি কেবল আমার মনোনয়ন নয়, এটি মণিরামপুরের আপামর জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব।”

এর আগে ২০০১ সালেও তার পিতা মুফতি ওয়াক্কাস এই আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। পিতার সেই জনপ্রিয়তা এবং বিএনপির সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

শেয়ার করুন