বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সমন্বয় সিদ্ধান্তে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সমন্বয় শেষে নির্ধারিত এই নতুন দাম বৃহস্পতিবারও (২৫ ডিসেম্বর) থেকে কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। (যা মঙ্গলবার ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা)। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা (মঙ্গলবার ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা), ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা (মঙ্গলবার ছিল ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা (মঙ্গলবার ছিল ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠান এই দাম কার্যকর রাখবে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।





