গত কয়েক দিনের ধারাবাহিকতায় বুধবারও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপি ও সমমনা কয়েকটি সংগঠন। এদিন ভারত–বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল চেকপোস্ট এলাকায় একটি প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আগেই এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই সেখানে বিজেপি সমর্থকদের উপস্থিতি দেখা যায়।
বিক্ষোভকারীরা বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। একই সঙ্গে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত এলাকা থেকে কিছুটা দূরেই বিক্ষোভকারীদের আটকে দেয়।
এদিকে, কলকাতা সংলগ্ন হাওড়া এলাকাতেও পৃথক কর্মসূচি পালন করে বিজেপির কর্মীরা। হাওড়া ব্রিজের দিকে অগ্রসর হওয়ার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তারা হাওড়া ব্রিজ আংশিকভাবে অবরোধ করে রাখে। সেখানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়।
অন্যদিকে, ত্রিপুরা থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। রাজ্যটির রাজধানী আগরতলায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে কর্মসূচি পালন করেছে বিশ্ব হিন্দু পরিষদ।





