বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে বড়দিনে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনায় সিবিসিআই গভীর উদ্বেগ প্রকাশ করছে

ভারতে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া (সিবিসিআই)। বিশেষভাবে মধ্যপ্রদেশের জবলপুরে পরপর দুটি ঘটনায় প্রার্থনা সভা ও ক্যারল অনুষ্ঠানে হামলার অভিযোগের পর সংগঠনটি এই ঘটনার ‘সবচেয়ে কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে।

সিবিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ক্যারল গাওয়া ও গির্জায় প্রার্থনারত মানুষের ওপর হামলা ভারতের সংবিধান অনুযায়ী নিশ্চিত ধর্ম পালনের স্বাধীনতা এবং নিরাপদভাবে বেঁচে থাকার অধিকারের সরাসরি লঙ্ঘন।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ২২ ডিসেম্বর জবলপুরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভায় একদল লোক ঢুকে পড়ে ধর্মান্তরের অভিযোগ তোলে। তবে আয়োজকরা তা অস্বীকার করেছেন। এর আগের দিন, ২০ ডিসেম্বর শহরের গোরখপুর এলাকায় আরেকটি প্রার্থনা সভায় হামলার ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রার্থনা সভায় অংশ নেওয়া এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে শিশুদের সামনে শারীরিকভাবে হেনস্তা এবং গালাগাল করা হচ্ছে। অভিযুক্ত হিসেবে ভারতের বিজেপি জবলপুর শহর শাখার সহ-সভাপতি অঞ্জু ভরগবীরের নাম উল্লেখ করা হয়েছে। ভিডিওতে তাকে ওই নারীর হাত মুচড়ে ধরতে এবং মুখ চেপে ধরতে দেখা যায়। পরিস্থিতি থামাতে পাশে থাকা পুলিশের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সিবিসিআই জানিয়েছে, ভিডিওটি দেখে তারা স্তম্ভিত এবং বড়দিনের প্রার্থনা সভা ভাঙচুরে জড়িত ‘জাতিবিরোধী’ শক্তির কর্মকাণ্ড গভীর উদ্বেগজনক। সংগঠনটি বিজেপির কাছে অঞ্জু ভরগবীকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছে।

এছাড়া, ছত্তিশগড়ে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর ‘বন্‌ধ’-এর ডাক দিয়ে ঘৃণামূলক ডিজিটাল পোস্টার ছড়ানোর ঘটনাও সিবিসিআই নিন্দা করেছে। সংগঠনটি জানিয়েছে, এসব তৎপরতা উত্তেজনা বাড়াতে পারে এবং আরও সহিংসতার পথ তৈরি করতে পারে।

সিবিসিআই কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর কাছে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বড়দিন শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের সুযোগ পাওয়া যায়।

ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামও (ইউসিএফ) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ছত্তিশগড়ে প্রস্তাবিত বন্‌ধ বাতিলসহ দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ছিল ৮৩৪টি। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এ বছর এমন ঘটনার সংখ্যা ৭০৬টি। সবচেয়ে বেশি হামলার অভিযোগ এসেছে ছত্তিশগড় ও উত্তর প্রদেশ থেকে।

শেয়ার করুন