ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সাইফুল ইসলামের কার্যালয় থেকে নুরের পক্ষে তার দলের নেতাকর্মী ও স্বজনরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও নুরের ভগিনীপতি মো. মিজান হাওলাদার জানিয়েছেন, গণঅধিকার পরিষদ এবার এককভাবে ৩০০ টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে জোটের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
একই সময়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য বিএনপি আরও ৮টি আসন ছেড়ে দিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচনি সমঝোতার আওতায় যেসব আসন দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট শরিক দলগুলো তাদের নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করবে। পটুয়াখালী-৩ আসনের ক্ষেত্রে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





