বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শরিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জোট শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিএনপি মোট সাতটি সংসদীয় আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি নুরকে বিএনপির সমর্থনে প্রার্থী ঘোষণার ফলে পটুয়াখালী-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই পরিবর্তন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের ফলাফলের প্রতি বিশেষ নজর রাখার প্রেক্ষাপট তৈরি করেছে।
উল্লেখ্য, একই আসন থেকে ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।





