আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘‘আমি ভোট প্রক্রিয়ায় অংশ নেব। আমি ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বর্তমানে অ্যাটর্নি জেনারেলের পদে আছি, তবে পদত্যাগের পরই ভোটে অংশ নেব।’’
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দেবেন।
এর আগে, গত ৫ নভেম্বর তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।
তিনি পূর্বে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।





