শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন সামনে রেখে, বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো কানাডা

কানাডা সরকার বাংলাদেশের ভ্রমণকারী নাগরিকদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশ সংক্রান্ত ভ্রমণ পরামর্শ (ট্রাভেল অ্যাডভাইসরি) হালনাগাদ করে এই সতর্কতা জারি করা হয়।

ভ্রমণ পরামর্শে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের পর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে ২৫ ডিসেম্বরসহ নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে রাজধানী ঢাকায় বড় জনসমাগম, যানজট ও চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কানাডা সরকার। এ সময় স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী চলাচলে সীমাবদ্ধতা আরোপ করতে পারে।

পরামর্শে আরও বলা হয়েছে, অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাবেশও হঠাৎ সহিংস রূপ নিতে পারে। ঢাকার পাশাপাশি অন্যান্য বড় শহরে যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের বাইরে ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে, কারণ নিরাপত্তাজনিত কারণে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা বা বিলম্ব হতে পারে।

সব মিলিয়ে কানাডা সরকার সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী ধর্মঘটকে সামনে রেখে বাংলাদেশে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। তারা উল্লেখ করেছে যে, পূর্ব সতর্কতা ছাড়া যে কোনো সময় নিরাপত্তা পরিস্থিতি হঠাৎভাবে খারাপ হতে পারে।

শেয়ার করুন