ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩১ ডিসেম্বর রাতের জন্য ক্যাম্পাসে আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো—শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত—সাধারণ জনগণের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শনের শর্তে প্রবেশের অনুমতি পাবেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের যানবাহন—ছাড়া অন্য কোনও যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।





