শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের সুপ্রিম কোর্টের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ওই দিন তার বয়স ৬৭ বছরে পূর্ণ হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এক–দুদিনের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে নতুন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এ বিষয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে কোনো গেজেট প্রকাশ করা হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্র জানায়, নতুন প্রধান বিচারপতি আগামী রোববার শপথ গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। চলতি শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন। বর্তমানে সুপ্রিম কোর্টে বার্ষিক ছুটি চলায় গত বৃহস্পতিবার ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস। প্রচলিত রীতি অনুযায়ী, ওই দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন