সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তার জন্য গানম্যান চায় হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, ( হিরো আলম )। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক পোস্টে হিরো আলম জানান, গণমাধ্যমে তার প্রার্থিতার খবর প্রকাশের পর বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন হিরো আলম। এ কারণে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) নিয়োগের আবেদন করবেন বলে জানান তিনি। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর আগে গেল মাসে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান হিরো আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী হলেও একাধিক রাজনৈতিক দল থেকেও প্রস্তাব পেয়েছেন বলে জানান। তার ভাষ্য অনুযায়ী, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি—এই চারটি দল তার সঙ্গে যোগাযোগ করেছে।

হিরো আলম বলেন, দলীয় পরিচয় যাই হোক না কেন, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। কোন দল থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না তিনি।

তিনি আরও জানান, ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে তার ধারাবাহিক সক্রিয়তা ও প্রচারণা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলে তার রাজনৈতিক পথচলায় এটি হতে পারে নতুন মোড়।

শেয়ার করুন