শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ঘিরে সিইসির কঠোর বার্তা

দেশের বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই সময়ে দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই এবং নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আইনের শাসনের বাস্তব প্রয়োগ দেখাতে চান নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিইসি বলেন, ‘সত্যিকার অর্থে বলতে গেলে কার্যকরভাবে মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা দেশটাকে চালু রাখেন, তাদের প্রায় সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন, আমরা একটা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ক্রান্তিলগ্নে আমাদের উপরে যে গুরুদায়িত্ব এসে পড়েছে, যদি সঠিকভাবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। আমাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই।’

তিনি আরও বলেন, ‘আগেও বলেছিলাম, আইনের শাসন কাকে বলে- সেটা আমরা দেখিয়ে দিতে চাই। কথাটা বলার কারণ হচ্ছে- আমাদের বিরুদ্ধে সামষ্টিকভাবে আনা যে কোনো অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক, সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।’

এ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘সুতরাং মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসন নিশ্চিত করবেন, এটাই আমাদের কাম্য। মনে রাখবেন, আইন আমাদের সবার জন্য সমান।’

মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘বলতে গেলে সারা বাংলাদেশ ও বাংলাদেশের প্রশাসন যাদের ওপর দাঁড়িয়ে আছে, তারা আজ এখানে উপস্থিত আছেন। আপনারা যখনই সাহসী পদক্ষেপ নেবেন, আইনের প্রতিষ্ঠার চেষ্টা করবেন ও বিধিবিধানের আলোকে কাজ করবেন- ইলেকশন কমিশন আপনাদের পক্ষে থাকবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের বিচ্যুতি ঘটবে না। একই সঙ্গে সঠিক সময় ও সঠিক পদ্ধতিতে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন সিইসি।

মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন