বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনের প্রেক্ষিতে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত সহজ করতে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। তবে বিশেষ ট্রেন পরিচালনার কারণে একই দিনে তিনটি স্বল্প দূরত্বের নিয়মিত কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেন ২৫ ডিসেম্বর চলবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর প্রেক্ষিতে রেলওয়ে এই ব্যবস্থা নিয়েছে।
চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চালানো হবে— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।
এছাড়া প্রয়োজন অনুযায়ী নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। রেলওয়ে আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকার রাজস্ব অর্জন হবে।
তবে তিনটি কমিউটার ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।





