মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌগাছায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

মোঃ জুম্মান হোসেন (যশোর): 
যশোরের চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। গত রোববার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা সোমর আলী বাদী হয়ে চৌগাছা থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
আটক ব্যক্তিরা হলেন— চৌগাছার পাশাপোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল (৫০), নারাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পান্নু আহম্মেদ বিশ্বাস (৪৫) এবং একই ইউনিয়ন যুবলীগের সদস্য নান্নু আহম্মেদ (৪০)। রোববার বিকেলেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ ও অভিযোগ মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চৌগাছার নারাপুর ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। অভিযোগ করা হয়েছে, মিছিলকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে সড়ক অবরোধ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের হুমকি প্রদানসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দেন।
বাদী সোমর আলী অভিযোগে উল্লেখ করেন, মিছিলে অংশগ্রহণকারীরা লাঠি, লোহার রড ও ইটের খোয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করছিলেন। স্থানীয় সাধারণ মানুষ তাদের বাধা দিতে এগিয়ে এলে মিছিলকারীরা ঘটনাস্থলে ইট ও লাঠি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেসব আলামত সংগ্রহ করে নাম-ঠিকানা যাচাই শেষে ৫০ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক শফিউর রহমান রাথিক, নারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, হাসান আলী, ছাত্রলীগ নেতা আব্দুল করিম ও সবুজ আহম্মেদসহ মোট ৫০ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এই বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সন্ত্রাস দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজাহারভুক্ত তিন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।
শেয়ার করুন