আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের দিন যত কাছে আসবে, ততই পরিস্থিতির উন্নতি হবে।
ভোটের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “অসুবিধা নেই ভয় কেটে যাবে, ইনশাল্লাহ। চিন্তা করবেন না, ভয় কেটে যাবে। ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ, আনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। অসুবিধা হবে না। আমরাতো কনফিডেন্ট আছি। আমরাতো হাল ছাড়ি নাই আমরা এগিয়ে যাবো।”
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকে ভোট উৎসবে রূপ দেওয়ার বিষয়ে নিজের আগের বক্তব্যে তিনি অনড় আছেন কি না—এমন প্রশ্নে সিইসি বলেন, “একদম… ভোট উৎসব হবে, ইনশাআল্লাহ। এই যে আপনারা কত সাংবাদিকরা এসেছেন, এটা উৎসবের অংশ। ভেতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করছে, মেশিনের মতো কাজ করছে, তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করছে। তারাও আনন্দ পাচ্ছে যে, দেশের জন্য একটা কাজ করতে পারবে।”
নির্বাচন কমিশনের প্রতি জনআস্থা প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ তো আস্থায় আছেই। সময় আসুক দেখবেন। আপনারা, আমরা, দেশবাসী, বড় রাজনৈতিক দলসহ সবাই তো ইলেকশন চায়। সবাই দেশের মঙ্গল চায়। কালকে (রবিবার) আইনশৃঙ্খলা বাহিনীর সব প্রধান, আমরা একসঙ্গে জাতিকে একটা মেসেজ দিয়েছি যে, আমরা সবাই এক ইলেকশনের ব্যাপারে। আমরা সবাই একটা সুন্দর নির্বাচন সবাই চাই।”
পোস্টাল ব্যালট ব্যবস্থার অগ্রগতি তুলে ধরে সিইসি বলেন, “আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভাই-বোনদোর ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত, তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদেরও ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বারবে, এতে আমরা আরও সন্তুষ্ট হব।”
চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি বলেন, “পোস্টাল ব্যালটে বহুধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। যখন যা চ্যালেঞ্জ এসেছে, আমরা তা মোকাবিলা করেছি।”





