ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নিরাপত্তাজনিত কারণে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতার মূল্যায়নের ভিত্তিতে মধ্যরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। তাকে নিয়ে বিমান বাংলাদেশের বিজি–২০২ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা। ওই ফ্লাইটে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।
বিমান সূত্র জানায়, প্রাথমিকভাবে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে কেবিন ক্রু হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে রাতের দিকে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনে ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকি ও তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে আসায় দায়িত্ব বাতিল করা হয়।
পরবর্তীতে ওই দুই কেবিন ক্রুর পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।
গোয়েন্দা সূত্রের দাবি, সওগাতুল আলম ও জিনিয়া ইসলাম অতীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের, বিশেষ করে শেখ সেলিমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করতেন। তাদের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে।
এর আগে, গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও একই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাফিকুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভিআইপি ফ্লাইটে বারবার বিতর্কিত সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি তদন্তের দাবি রাখে। তবে তিনি তারেক রহমানের ফ্লাইট ঘিরে নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতার প্রশংসা করেন।





