বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন উত্তোলনের পর হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বগুড়া-৭ আসনের মানুষ বেগম খালেদা জিয়াকে শুধু নেতা নয়, নিজেদের অভিভাবক মনে করেন। অতীতে যেভাবে তারা ভোট দিয়েছেন, এবার তার চেয়েও বেশি ভোট দিয়ে তারা ভালোবাসার জবাব দিতে প্রস্তুত।’
একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহফতুন আহম্মেদ খান রুবেলসহ শীর্ষ নেতারা।
মনোনয়ন উত্তোলনের সময় জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন। তবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় তারা ভেতরে প্রবেশ করেননি।
রেজাউল করিম বাদশা মনোনয়ন উত্তোলনের পর বলেন, ‘তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। এটি শুধু একটি প্রার্থিতা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বগুড়ার মানুষ তাকে জাতীয় নেতৃত্বের জায়গা থেকে দেখেন। ধানের শীষে ভোট দিতে তারা মুখিয়ে আছেন।’





