রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শকের চাপে দুই ফায়ার সার্ভিস কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তারা হলেন মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান বলেন, “প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় পানির লাইন দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শক লেগে দুইজন গুরুতর অসুস্থ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে ভর্তি করা হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, “দুই ফায়ার ফাইটার বৈদ্যুতিক শকের কারণে আহত অবস্থায় হাসপাতালে পৌঁছেছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”





