যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সাবেক রেসিং কার চালকও রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপিকে শেরিফ ড্যারেন ক্যাম্পবেল বৃহস্পতিবার বলেন, ‘বিমানে মোট সাতজন ছিলেন, সবাই নিহত হয়েছেন।’
নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে প্যাট্রোল জানায়, উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি পুনরায় অবতরণের চেষ্টা করছিল। ওই সময়েই সেটি দুর্ঘটনায় পড়ে। বিমানটি শার্লট শহরের উত্তরে অবস্থিত স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বলে জানানো হয়েছে।
নিহতদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু রিপাবলিকান কংগ্রেসম্যান রিচার্ড হাডসন জানান, দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে অবসরপ্রাপ্ত নাসকার রেসিং ড্রাইভার গ্রেগ বিফল, তার স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল এবং তাদের দুই সন্তান রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাডসন বলেন, ‘গ্রেগ, ক্রিস্টিনা ও তাদের সন্তানদের হারিয়ে আমি গভীরভাবে মর্মাহত। যারা তাদের ভালোবাসতেন, সবার প্রতি আমার সমবেদনা। তারা ছিলেন এমন বন্ধু, যারা অন্যের উপকারে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।’
এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা একটি তদন্ত দল পাঠাচ্ছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘তদন্ত দল আজ রাতেই ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহে গ্রেগ বিফলের বয়স ৫৬ বছরে পা দেওয়ার কথা ছিল। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কাপ সিরিজে মোট ১৯টি রেসে জয় পান। নাসকার সার্কিটে তার সর্বশেষ রেস ছিল ২০২২ সালে টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সেরা ড্রাইভার’-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়া গ্রেগ বিফলের একটি ব্যক্তিগত হেলিকপ্টার ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে হারিকেন হেলেনে ক্ষতিগ্রস্ত পশ্চিম নর্থ ক্যারোলাইনায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তিনি ওই হেলিকপ্টার ব্যবহার করে স্বেচ্ছাসেবী সহায়তায় অংশ নিয়েছিলেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড





