বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির খুনিদের গ্রেফতার ও শাস্তি চেয়ে তারেক রহমানের পোস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, হাদির অকাল শহীদি মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—রাজনৈতিক সহিংসতা একটি জাতিকে কী ভয়াবহ মানবিক ক্ষতির দিকে ঠেলে দেয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

শোকবার্তায় তারেক রহমান উল্লেখ করেন, শরিফ ওসমান হাদি ছিলেন সাহসী, দৃঢ়চেতা ও নির্ভীক রাজনৈতিক কর্মী, যিনি আজীবন অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি মরহুমের শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসঙ্গে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

শোকবার্তায় আরও বলা হয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন সহিংস ঘটনা আর বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত না হয়।

শেয়ার করুন