ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর তার সমর্থকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার পরপরই বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তারা অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা ছাত্র-জনতার ব্যানারে মিছিল করে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিল এলাকায় তাঁর বাসভবনে যান। সেখানে প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
পাঁচলাইশ থানার ওসি জানান, “এখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছি, বিস্তারিত পরে জানানো হবে।”
এদিকে, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায়ও একদল যুবক চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ প্রকাশ করছেন এবং স্থানীয় ছাত্র-জনতার ব্যানার হাতে অবস্থান করছেন।





