রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসকরা আশাবাদী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জাহিদ হোসেন বলেন, বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকসহ সবাই আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছেন।

তিনি আরও জানান, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। বেগম জিয়ার ছোট ভাই ও বোনও নিয়মিত খোঁজ নিচ্ছেন। সিসিইউতে থাকার কারণে স্বজনরা পাশে থাকা যাচ্ছে না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণের সময় বেগম খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এর একদিন পর শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে তার স্বাস্থ্যের অবনতি হয়। ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সংক্রমণ ছড়িয়ে পড়ায় হার্ট ও ফুসফুসে সমস্যা দেখা দেয় এবং পরিস্থিতির অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।

শেয়ার করুন