নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকিয়ে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ প্রধান কার্যালয় সংলগ্ন সড়কে ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অফ জুলাইয়ের নেতাকর্মীরা তার গাড়ি আটকে রাখে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মূল আসামিকে গ্রেফতারসহ সাত দফা দাবি তোলেন। পরে দাবির বাস্তবায়নের আশ্বাস পেলে তারা গাড়ির সামনে থেকে সরে যান।
জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ওই সময় নারায়ণগঞ্জ শহরে বিকেএমইএ-এর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪কে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থল থেকে গাড়ি ছাড়ার পথে তিনি প্রায় আধাঘণ্টা অবস্থানকালে অবরুদ্ধ হন।
ছাত্র সংগঠনগুলোর দাবির মধ্যে রয়েছে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার, সীমান্তে হত্যার ঘটনা বন্ধ, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মূল আসামি গ্রেফতার এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনে সংশ্লিষ্ট তদবির ও বাণিজ্য বন্ধ করা।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন। এছাড়া আপনি যে সমস্ত যৌক্তিক দাবি জানিয়েছেন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ চালিয়ে যাব।”





