আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে।
মঙ্গলবার প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসও এই মিশনের অনুমোদন দিয়েছেন।
ইভার্স ইজাবস বলেন, “বাংলাদেশে নির্বাচনের পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই মিশন নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং স্বাধীনতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও উল্লেখ করেন, মিশনটি ইইউর পক্ষ থেকে বাংলাদেশি জনগণ এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষায় প্রদত্ত সমর্থনের এক বাস্তব উদাহরণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইইউ পর্যবেক্ষক দল নির্বাচনের প্রতিটি ধাপ আন্তর্জাতিক মান ও গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ করবে। পাশাপাশি নির্বাচনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সংলাপ করবে।
সূত্র: বাসস





