বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জীবননগরে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে সোপর্দ করলেন বাবা

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে নিজ বাবা রফিক হোসেন আইনের হাতে তুলে দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

স্থানীয় ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত নিজ বাড়িতেই মাদক সেবন করতেন এবং মাতলামির কারণে পরিবারের শান্তি ভঙ্গ হচ্ছিল।

ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রফিক হোসেন নিজের ছেলে টুটুল মিয়াকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রফিক হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে টুটুল মিয়া মাদক সেবন করে আসছিল। বহুবার চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তার মাতলামির কারণে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। বাধ্য হয়ে তিনি শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন।

শেয়ার করুন