মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ইন্দোনেশিয়া, নেপাল, কসোভো, থাইল্যান্ড, মিশর, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেনের দূতাবাস ও হাইকমিশন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকায় পাঠানো পৃথক বার্তায় এই শুভেচ্ছা প্রকাশ করেছে।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়েছে, “এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।”
চীনের পক্ষ থেকে পাঠানো বার্তায় উল্লেখ করা হয়, “মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় সবার জন্য সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলি।”
ভারতীয় হাইকমিশন জানায়, “ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।”
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, “বিজয় দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। ১৯৭১ সালের এই দিনে নয় মাস ধরে চলা মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে। এই বিজয় বাংলাদেশের ইতিহাসে নতুন সূচনা চিহ্নিত করেছে, যা অনুপ্রেরণা ও আশা বয়ে এনেছে। আমরা প্রত্যাশা করি, এর ফলে জীবন আরও উন্নত হবে।”
তিনি আরও যোগ করেন, “সোভিয়েত ইউনিয়ন তখন নবগঠিত বাংলাদেশকে সর্বাত্মকভাবে সমর্থন করেছিল। আজ রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ঐতিহ্য বজায় রাখতে পেরে আনন্দিত।”





