শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জিমি লাই এর মুক্তির জন্য চীনের প্রেসিডেন্টকে অনুরোধ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের গণতন্ত্রপন্থি ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে অনুরোধ জানিয়েছেন। হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্প এই অনুরোধের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জিমি লাইয়ের বিষয়টি আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে তুলে ধরেছি এবং তাকে মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছেন।” তিনি আরও বলেন, “আমি খুব খারাপ বোধ করছি। জিমি লাই বয়সে প্রবীণ এবং অসুস্থ। তিনি একজন বয়স্ক মানুষ এবং ভালো নেই। তাই আমি তাকে মুক্তির বিষয়ে অনুরোধ করেছি। দেখা যাক, কী হয়।”

তবে ট্রাম্প নির্দিষ্ট করেননি, তিনি কখন শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।

একই দিনে হংকংয়ের একটি আদালত জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই রায় হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আইন ভিন্নমত দমনে ব্যবহার করা হচ্ছে, যদিও বেইজিং এটিকে শহরের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে দাবি করে।

রায়ের পর হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, “জিমি লাইয়ের কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং হংকংবাসীর কল্যাণ ক্ষতিগ্রস্ত করেছে।” তবে মানবাধিকারকর্মীরা এই রায়কে “নিষ্ঠুর বিচারিক প্রহসন” বলে আখ্যা দিয়েছেন।

শেয়ার করুন