চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত, অতি বিপন্ন প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির ওজন প্রায় ৪০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা এলাকায় জোয়ারের সময় নদীতে ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে হালদা নদী থেকে গত ফেব্রুয়ারি থেকে ৯ মাসে মোট চারটি মৃত ডলফিন পাওয়া গেছে। এর আগে সর্বশেষ ২৫ আগস্ট হাটহাজারীর মদুনাঘাট কাটাখালী খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
হালদা অস্থায়ী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুহাম্মদ রমজান আলী বলেন, “ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। শরীরে পচন ধরেছে, চামড়া ফুলে উঠেছে। আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। সুরতহাল ও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, “নৌপুলিশ ডলফিনটি উদ্ধার করেছে। গবেষকরা সুরতহাল ও ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত করবেন।”
বিশ্বের বিভিন্ন নদীতে এই প্রজাতির ডলফিনের সংখ্যা মাত্র ১,১০০। এর মধ্যে হালদা নদীতে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছিল ১৭০টি। নদী ও প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, হালদায় এ পর্যন্ত ৪৭টি ডলফিনের মৃত্যু খুবই উদ্বেগজনক।





