সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সামাজিক মাধ্যমে ভাইরাল, পোশাক নিয়েই আলোচনা পরীমণির

চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সমালোচনার পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি। ব্যক্তিজীবনকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে তাঁকে নিয়ে আলোচনা থামছেই না। সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়েও মূলত তাঁর পোশাক নির্বাচন ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। তবে ওই অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণি সবুজ রঙের স্লিভলেস ও ডিপনেক গাউন পরেছিলেন। এই খোলামেলা পোশাকই নেটিজেনদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই ছবি ও ভিডিও শেয়ার করে প্রকাশ্যে অনুষ্ঠানে এমন পোশাক পরা নিয়ে প্রশ্ন তোলেন। পোশাকের রুচি ও জনসম্মুখে উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের সমালোচনামূলক মন্তব্য করতে দেখা যায়।

সমালোচনার মধ্যেই কর্মব্যস্ত সময় পার করছেন পরীমণি। নতুন বছরে শুরু হতে যাচ্ছে তাঁর নতুন রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। ছবিটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেতা নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

শেয়ার করুন