শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশুসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

আন্তিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল। এতে লিসেও আনতিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন। শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। গভর্নরের মতে, ডিসেম্বরের এই সময়ে দুর্ঘটনাটি পুরো সম্প্রদায়ের জন্য গভীর বেদনাদায়ক।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানিয়েছে, দুর্ঘটনা ভোর আনুমানিক ৫:৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না; শিক্ষার্থীরাই নিজ উদ্যোগে এটি আয়োজন করেছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। তিনি প্রিকালচারের হয়ে কাজ করতেন। আনতিওকিয়া পর্যটন নেটওয়ার্ক তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানান, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান ভিসেন্তে দে পল হাসপাতালে ১৬ জন আহতকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ১২ জন কিশোর।

শেয়ার করুন