রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শরিফ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের ন্যাশনাল নিউরোসায়েন্স ইন্সটিটিউটে নেওয়া হবে।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল-কনফারেন্সে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করলেও শেষমেশ সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সহকারী ডা. সায়েদুর রহমান জানান, বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল।

সিঙ্গাপুরে তার সঙ্গে হবেন ভাই ওমর হাদি এবং একজন সহকারী। তার চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখা হবে।

শেয়ার করুন