সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ধুরন্ধর’-এর সাফল্যে নতুন রেকর্ড গড়লেন রণবীর সিং

চলচ্চিত্রে অভিনয়ের জন্য বলিউড তারকা রণবীর সিং সাধারণত ৩০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক গ্রহণ করে থাকেন। শুধু সিনেমা নয়, বিজ্ঞাপন জগতেও তিনি অত্যন্ত ব্যস্ত ও জনপ্রিয় মুখ। চরিত্রে অভিনয়ের সময় তিনি পুরোপুরি সেই ভূমিকায় নিজেকে ডুবিয়ে দেন এটাই তাঁর অভিনয়ের বড় শক্তি বলে মনে করেন অনুরাগীরা। বর্তমানে তিনি রয়েছেন ‘ধুরন্ধর’ ছবির চরিত্রের আবহেই। ফলে তাঁর সমাজমাধ্যম জুড়ে এখন এই ছবির লুক ও সংশ্লিষ্ট ছবি ছাড়া তেমন কিছু চোখে পড়ছে না। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। মুক্তির পর ছবিটি দেশের বাজারে ৩০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। এর মাধ্যমে নিজের আগের রেকর্ড নিজেই ভেঙেছেন রণবীর। অনুরাগীদের ধারণা, ভবিষ্যতে তিনি আরও বড় মাপের তারকায় পরিণত হবেন। এই সাফল্যের ধারাবাহিকতায় আলোচনায় এসেছে তাঁর মোট সম্পত্তির পরিমাণও। প্রায় ২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য রণবীর সিং নিয়েছেন আনুমানিক ৪০ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক।

লম্বা চুল, তীক্ষ্ণ দৃষ্টি আর ধূসর রঙের পোশাকে ‘ধুরন্ধর’ ছবিতে একেবারেই ভিন্ন রূপে ধরা দিয়েছেন রণবীর। তবে বক্স অফিসে তাঁর সফলতার গল্প নতুন নয়। এর আগেও ‘পদ্মাবৎ’, ‘সিম্বা’, ‘গালি বয়’, ‘৮৩’ এবং ‘বাজিরাও মস্তানি’র মতো একাধিক ছবি ব্যবসাসফল হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।

চলচ্চিত্রের পাশাপাশি ব্র্যান্ড প্রচার থেকেও বড় অঙ্কের আয় করেন এই অভিনেতা। কোনও সংস্থার বিজ্ঞাপনের জন্য তিনি ৩ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। আবার সমাজমাধ্যমে কোনও ব্র্যান্ডের হয়ে একটি মাত্র পোস্ট করলেও তাঁর পারিশ্রমিক প্রায় ৮০ লক্ষ টাকা। এসব মিলিয়ে বলিউডের ধনীতম অভিনেতাদের তালিকায় তাঁর নাম উঠে আসে নিয়মিতভাবেই।

স্থাবর সম্পত্তিতেও রণবীর সিংয়ের বিনিয়োগ চোখে পড়ার মতো। মুম্বইয়ের ওয়ার্লি এলাকায় তাঁর একটি পাঁচ কামরার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। এছাড়া বান্দ্রায় সমুদ্রের মুখোমুখি একটি অভিজাত বাড়ির মালিক তিনি, যার দাম আনুমানিক ১১৯ কোটি টাকা। আলিবাগেও রয়েছে তাঁর আরেকটি বাড়ি, যার মূল্য প্রায় ২২ কোটি টাকা।

শুধু বাড়ি নয়, দামি গাড়ির সংগ্রহেও রণবীর সিং আলাদা করে নজর কাড়েন। তাঁর গ্যারাজে রয়েছে রেঞ্জ রোভার, অ্যাস্টন মার্টিন, জাগুয়ার, মার্সিডিজ বেঞ্জ ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি। ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা দামের একটি ভ্যানিটি ভ্যানও রয়েছে তাঁর। চারচাকার পাশাপাশি বাইকের প্রতিও আগ্রহ আছে এই তারকার তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের একটি ভিন্টেজ বাইক।

শেয়ার করুন