( হাটহাজারী প্রতিনিধি ) :
হাটহাজারীতে সড়ক সম্প্রসারন ও ডিভাইডার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধন শেষে বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করে। অবরোধের সময় সড়কের উভয় দিকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এই সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা এগারটার দিকে মির্জাপুর ইউপির চারিয়া নয়াহাট বাজারে চারিয়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়।
অবরোধ কালে চারিয়া এলাকায় সম্প্রতি অবৈধ চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় নিহত হাটহাজারী ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী ও চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফের হত্যাকারীর বিচার দাবী করে অবিলম্বে হত্যাকারীকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা ।
বিএনপি নেতা নাহিদুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকের হোসের, ইট ভাটা মালিক সমিতি’র সভাপতি সাখায়াত হোসেন শিমুল, বিএনপি নেতা মো. আবু সাইদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা আহাদ, মুবিন মারসেন্ট, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল আজিজ,স্থানীয় ব্যবসায়ী মো.নজরুল, মহিনউদ্দিন, আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমূখ। একইদিন পৌরসভার আব্বাসিয়ারপুল, চারিয়া বুড়িপুকুর পাড়, সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশেও স্ব স্ব এলাকাবাসীরা একই দাবীতে মানববন্ধন করেন। #





