ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুর নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের দাবি, শেরপুর থেকে আটক দুইজন ভারতে অবৈধ পথে লোক পারাপারের চক্রের সদস্য। তাদের সন্দেহ, হামলাকারী ব্যক্তিকে বর্ডার দিয়ে ভারতে নিয়ে যাওয়া হতে পারে। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ আশা করছে, জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে এসএন নজরুল ইসলাম আরও জানান, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীরা যেন সীমান্ত পার না হতে পারে, এজন্য তাদের পাসপোর্ট নম্বর সংরক্ষণ করা হয়েছে। দেশের সব বর্ডারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিজিবিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যাতে কোনোভাবেই সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে।
তিনি জানান, শেরপুর নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানো চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এদের পাশাপাশি, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের পর এর মালিক আব্দুল হান্নানকে র্যাব গ্রেফতার করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।





