সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফতুল্লা পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, চাদপুরগামী বোগদাদিয়া-১৩ নামের লঞ্চটির সামনে জান্নাতি নামের বালুভর্তি বাল্কহেড পড়ে ছিল। এ সময় লঞ্চটি বাল্কহেডের পেছনের দিকে ধাক্কা মারে। এতে বাল্কহেডটি লঞ্চের নিচে উঠে যায়। পরে লঞ্চটিকে পিছনের দিকে সরিয়ে বাল্কহেডের উপর থেকে সরানো হয়। তবে বাল্কহেডটি দ্রুত ডুবে যায়।
বাল্কহেডে থাকা চালক ও শ্রমিকরা নদীতে লাফ দিয়ে নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন।
এসআই জাহাঙ্গীর হোসেন আরও বলেন, “লঞ্চটিকে জব্দ করা হয়েছে। আর বাল্কহেড পানিতে ডুবে যাওয়ায় এখনো উদ্ধার সম্ভব হয়নি। বালুভর্তি বাল্কহেডটিতে ৫ জন ব্যক্তি ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।”





