রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আহত হাদির মস্তিষ্কে জটিলতা, বিদেশে চিকিৎসার সম্ভাবনা

দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকেরা বলেন, পরিস্থিতির উন্নতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ইনকিলাব মঞ্চের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, হাদির চিকিৎসা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই পর্যবেক্ষণ সোমবার রাতে শেষ হবে।

চিকিৎসকরা বলেন, “উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড একটি কেস সামারি তৈরি করেছে। বিদেশের হাসপাতালে কেস সামারি পর্যালোচনা করে রোগী গ্রহণ করলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে।”

হাদির সাম্প্রতিক সিটি স্ক্যান অনুযায়ী, মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) ও অক্সিজেনের ঘাটতির চিহ্ন পাওয়া গেছে। মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও দেখা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই পরিস্থিতি ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ফুসফুসের অবস্থা পূর্বের মতোই রয়েছে এবং বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে, দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স রাখা হচ্ছে।

ওসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা চলছে। তবে তার বিদেশে নেওয়া হবে শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে।

শেয়ার করুন