আইপিএল ২০২৬ মিনি নিলাম সামনে রেখে ক্রিকেট ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এই আবহে নিজের ইউটিউব চ্যানেলে একটি মক নিলামের আয়োজন করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ডিসেম্বর আবুধাবির এতিহাদ অ্যারেনায় মূল নিলামের আগে এই মক নিলাম ভক্তদের বাস্তব নিলামের স্বাদ দেয়।
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এই মক নিলাম ছিল বিশেষ আনন্দের। দুই দিনের নিলামে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
প্রথম দিনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আকর্ষণ ছিলেন মোস্তাফিজ। তার বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে নিল ৩ কোটি ৫০ লাখ রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৭২ লাখ টাকা।
দ্বিতীয় দিনে আসে আরেকটি সুখবর। গুজরাট টাইটান্স তরুণ অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে নেয় তার বেস প্রাইস ৭৫ লাখ রুপিতে। অনেক দলই এমন বোলিং অলরাউন্ডার খুঁজছে, যিনি শেষ পর্যায়ে ব্যাট করতে পারেন। তানজিমকে সেই দলে ভালো বিকল্প মনে করা হচ্ছে।
মক নিলামে মোট ৩৫৯ জন খেলোয়াড় তালিকাভুক্ত ছিলেন, খালি ছিল ৭৭টি জায়গা। সবচেয়ে বড় দাম পেয়েছেন ক্যামেরন গ্রিন। তাকে নিতে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস তাকে নিল ২১ কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায়। পরে তারা লিয়াম লিভিংস্টোনকে ১৮ কোটি ৫০ লাখ রুপি ও ভেঙ্কটেশ আইয়ারকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানতে সক্ষম হয়।
কয়েকজন পরিচিত নামও নজর কাড়েন। পৃথ্বী শকে কলকাতা নিল ৫ কোটি ২৫ লাখ রুপিতে। আগের বড় নিলামে তিনি বিক্রি হননি। রবি বিষ্ণোইকে নিতে আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দরাবাদ এবং তাকে নিল ১০ কোটি ৫০ লাখ রুপিতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস বোলিং শক্তিশালী করতে মাথিসা পাথিরানাকে ৭ কোটি রুপিতে দলে নেয়।





