রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন এমন কোন তথ্য নেই: ডিএমপি

জুলাই গণঅভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না, এমন তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিসি তালেবুর রহমান বলেন, “টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় আছে।”

তিনি আরও জানান, আজ সকালে হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে এর মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়। মোটরসাইকেলের নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নাকে পল্টন থানা পুলিশ আটক করেছে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনও অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কি না—এমন তথ্যও পুলিশের কাছে নেই।

এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।

তিনি আরও উল্লেখ করেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন।

জুলকারনাইন সায়ের পোস্টে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে হামলাটি অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন