সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমিওপ্যাথির আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল ব্যবসা, রাজশাহীতে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১

অপু দাস, স্টাফ রিপোর্টার :
হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে উচ্চমাত্রার অ্যালকোহল বিক্রির অভিযোগে রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা ৪৫ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানাধীন  মচমইল বড়পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ শামসুদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগমারা উপজেলার বইকুড়ি মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার হেফাজত থেকে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল (২৬.২ লিটার), একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত অ্যালকোহলে শতকরা প্রায় ৯০ ভাগ অ্যালকোহল রয়েছে, যা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। র‍্যাব আরও জানায়, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে এসব অবৈধ অ্যালকোহল যুবসমাজ ও বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিল। অধিক লাভের আশায় সে এই নিষিদ্ধ মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এই ধরনের উচ্চমাত্রার অ্যালকোহল সেবনে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানায় র‍্যাব। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন