মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলকাতার মেসি অনুষ্ঠান বিশৃঙ্খলায় মূল আয়োজক আটক

ভারতের কলকাতায় লিওনেল মেসির ভক্তদের জন্য দিনটি বিশেষ হয়ে থাকার কথা ছিল। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা মেসিকে এক নজর দেখলেই ভক্তদের আনন্দের শেষ সীমা থাকত না। কিন্তু মেসিকে দেখা তো দূরে থাক, বরং চরম অব্যবস্থাপনার কারণে ভক্তরা হতাশ হয়ে ঘরে ফিরেছেন। এই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে ‘জিওএটি (গোট) ইন্ডিয়া ট্যুর-২০২৫’-এর প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করা হয়েছে।

মেসির ভারত সফরে কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লি ভ্রমণের পরিকল্পনা ছিল। সূচি অনুযায়ী, শনিবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল। এরপর রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চ্যারিটেবল ফ্যাশন শো ও সেলিব্রিটি ম্যাচের পরিকল্পনা ছিল। সফরের শেষ দিনে সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও সময় নির্ধারিত ছিল।

তবে আয়োজক সংস্থা ‘এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’-এর কর্ণধার শতদ্রু দত্ত পুলিশের হেফাজতে থাকায় বাকি ভেন্যুগুলোর ব্যবস্থাপনা এবং মেসির নিরাপত্তা প্রটোকলকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন পর্যন্ত আয়োজক সংস্থার পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে কোনো স্পষ্ট বার্তা আসেনি। ফলে কলকাতা পর্বের তিক্ত অভিজ্ঞতার পর মেসির ভারত সফরের বাকি অংশ বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনার শিকার হয়েছেন দর্শকরা। মেসিকে ঠিক মতো দেখতে না পেরে ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে ভাঙচুরে নেমেছিলেন।

কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম বলেছেন,
“এফআইআর দায়ের করা হচ্ছে, এক্ষেত্রে কোন ধারা দেওয়া হবে তা আমরা বিবেচনা করছি। বিশৃঙ্খলার ঘটনা সল্টলেকে সীমাবদ্ধ রাখা হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারা দায়ী তা চিহ্নিত করতে কাজ চলছে। এতে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে ইতোমধ্যে।”

এর আগে চরম অব্যবস্থাপনার জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন,
“আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমীর সঙ্গে প্রিয় ফুটবলার মেসিকে দেখতে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলাম।”

তিনি আরও বলেন,
“এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি আন্তরিকভাবে লিওনেল মেসি এবং সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইছি।”

শেয়ার করুন