টিকিটের মূল্য নিয়ে ইউরোপীয় সমর্থকদের অসন্তোষ থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে আগ্রহে কোনো ভাটা পড়েনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসরটির টিকিট বিক্রির নতুন ধাপে প্রথম ২৪ ঘণ্টায়ই ৫০ লাখ আবেদন জমা পড়েছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার তথ্যমতে, ফিফা ডটকমের মাধ্যমে ২০০টির বেশি দেশ ও অঞ্চলের সমর্থকেরা টিকিটের জন্য আবেদন করেছেন। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন এবং পর্দা নামবে ১৯ জুলাই।
এর আগের দিন বৃহস্পতিবার ইউরোপের সমর্থক সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ টিকিট বিক্রি স্থগিতের দাবি জানিয়ে ফিফার সমালোচনা করে। সংগঠনটির অভিযোগ, অত্যধিক দামে টিকিট নির্ধারণ করায় সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা কঠিন হয়ে পড়ছে। তাদের দাবি, ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে।
আয়োজক তিন দেশের পাশাপাশি সবচেয়ে বেশি টিকিট আবেদন এসেছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা থেকে।
ফিফার ভাষ্য, দক্ষিণ ও মধ্য আমেরিকার সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে এই টুর্নামেন্ট পুরো আমেরিকা মহাদেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্কটল্যান্ডের উচ্চ উপস্থিতিও বিশেষভাবে চোখে পড়ছে, কারণ প্রায় তিন দশক পর তারা বিশ্বকাপে ফিরছে।
র্যান্ডম সিলেকশন ড্র প্রক্রিয়া চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। ফিফা জানিয়েছে, এই সময়ের মধ্যে কখন আবেদন করা হয়েছে, তা নির্বাচনের সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না। আবেদনকারীরা ম্যাচ, টিকিটের ধরন ও সংখ্যা বেছে নিতে পারবেন এবং নির্বাচিত হলে স্বয়ংক্রিয়ভাবে মূল্য পরিশোধ সম্পন্ন হবে।





