নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে কাজ শুরু করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রেরণ করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যেই চলমান। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই, ভোটগ্রহণের দিনসহ দুই দিন পর্যন্ত, মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় নির্বাচনি আচরণবিধি কার্যকর করতে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
এ কারণে নির্বাচন আচরণবিধি কার্যকর করতে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।





