রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুটে পারি দিচ্ছে চীনের বিমান

চীনের একটি বাণিজ্যিক বিমান আগামী ২৯ ঘণ্টা ধরে আকাশপথে ভ্রমণ করে প্রায় ২০ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দেবে। ফ্লাইটটি সাংহাই থেকে ঊড্ডয়ন করে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অবতরণ করবে। এটি বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট হিসেবে পরিচিত, যা পৃথিবীর প্রায় অর্ধেক অংশ অতিক্রম করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে ঊড্ডয়ন করে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বুয়েনস এইরেসে পৌঁছায়।

যাত্রাপথে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জ্বালানি ভরার এবং ক্রু পরিবর্তনের জন্য সংক্ষিপ্ত বিরতি নেওয়া হয়। এই কারণে এটি সম্পূর্ণ ননস্টপ ফ্লাইট না হলেও, দূরত্ব ও মোট সময়ে এটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক বিমান রুট হিসেবে বিবেচিত হচ্ছে।

সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস এইরেস পর্যন্ত যাত্রার জন্য ফ্লাইটটির সময় লাগে ২৫ ঘণ্টারও বেশি। ফেরার পথে আরও চার ঘণ্টা যোগ হয়। এই রুট উদযাপন করতে সাংহাই, অকল্যান্ড ও বুয়েনস এইরেস তিনটি শহরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি এখন থেকে সারা বছর সপ্তাহে দু’বার এই রুটে পরিচালিত হবে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স জানিয়েছে, রুটটি দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সাংহাইয়ের সরাসরি সংযোগের ঘাটতি পূরণ করবে এবং আর্জেন্টিনার দ্রুতবর্ধমান পূর্ব এশীয় প্রবাসী সম্প্রদায়ের জন্য সুবিধা নিশ্চিত করবে।

এই ফ্লাইটটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক সিঙ্গাপুরের প্রায় ১৯ ঘণ্টার ননস্টপ ফ্লাইটকে পেছনে ফেলে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুটের মর্যাদা পেয়েছে।

তবে দীর্ঘসময় ধরে এটি রেকর্ড ধরে রাখা সম্ভব নাও হতে পারে। অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স ‘প্রজেক্ট সানরাইজ’ উদ্যোগের অংশ হিসেবে সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্ক পর্যন্ত ২২ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে। এই রুট চালানোর জন্য ২০,০০০ লিটার অতিরিক্ত জ্বালানি ধারণক্ষমতা যুক্ত বিশেষ এয়ারবাস বিমান ব্যবহার করা হবে, যা ২০২৭ সালে কার্যকর করার লক্ষ্য রয়েছে।

শেয়ার করুন