আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে বুধবার (১০ ডিসেম্বর) রাতে আলহাজ মাসুক আহমদ ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও সমাপ্ত হয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস লড়াইয়ে মধু দত্ত এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার রাত ১০ ঘটিকায় টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। ফাইনাল খেলায় অংশ নেয় মধু দত্ত এফসি বনাম আদর্শ খলিফা উত্তরকুল। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক খেলার কৌশল ও স্লোগানে স্লোগানে পুরো মাঠ মুখরিত ছিল। খেলার ১০টা ২৫ মিনিটের সময় মধু দত্ত এফসির খেলোয়াড় হামজা একটি অসাধারণ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত এই একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং এক গোলে এগিয়ে থেকে মধু দত্ত এফসি টুর্নামেন্টের শিরোপা জয় লাভ করে।
চ্যাম্পিয়ন দল হিসেবে মধু দত্ত এফসি প্রথম পুরস্কার হিসেবে একটি উন্নত মানের ফ্রিজ জিতে নেয়। রানার আপ দল আদর্শ খলিফা উত্তরকুল দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি উন্নত মানের বাইসাইকেল লাভ করে। আলহাজ মাসুক আহমদ ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ আহমদ লস্কর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ,জকিগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহতাব আহমদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি,যুগ্ম সম্পাদক আব্দুল গফুর,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহীদ চুনু,সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুজিব,সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন উদ্দিন চৌধুরী,শ্রমিকদল নেতা এবাদ আহমদ,বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার প্রমুখ।
জমকালো এই টুর্নামেন্ট আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।





