এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় চলছে মাঝারি থেকে হালকা বর্ষণ। এই সব অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি-সহ তীব্র কুয়াশা দেখা দিয়েছে।
মরুভূমি আবহাওয়ার দেশ সৌদি আরবের জন্য এমন ঝড়-বৃষ্টি সাধারণত বিরল ঘটনা। তবে গত দু’তিন বছরে দেশটিতে বেশ কয়েকবার ভারী বৃষ্টি ও ঝড়ের অভিজ্ঞতা হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা (এনসিএম)-এর তথ্য অনুযায়ী, এই অস্বাভাবিক আবহাওয়ার জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। কখনও কখনও বাতাসের গতি ৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
ঝড়ো পরিস্থিতি পারস্য উপসাগর থেকেও শুরু হয়েছে। সেখান থেকে দক্ষিণ সৌদি আরবে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে।





